Favicon

পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি

প্রতিবেদক: ST Reporter মে ৩০, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
ছবি : বাসস
তারেক রহমান পিতামাতার আদর্শে দেশ পরিচালনা করছেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার পথ অনুসরণ করে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আজ শনিবার সন্ধ্যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পিতা-মাতা যেভাবে জনবান্ধব, গণবান্ধব ও দেশপ্রেমিক ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতায় দেশ পরিচালনা করছেন। একই পরিবারের মধ্যে মা খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, বাবা জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি এবং বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। একই পরিবার থেকে আমরা তিনজন রাষ্ট্রনায়ক পেয়েছি। এটা সহজ ব্যাপার নয়।

তিনি আরও বলেন, বিএনপি অতীতে দেশের মানুষের জন্য যেভাবে কাজ করেছে, বর্তমানেও সেভাবেই কাজ করছে। বিএনপি যদি দেশের মানুষের জন্য কিছু করতে না পারত, তবে জনগণ বারবার দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করত না। অতীতের মতো বর্তমানেও দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর যেন আমরা মানুষের জন্য এবং মানুষের পাশে থেকে কাজ করতে পারি, সেটাই প্রত্যাশা করি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূইয়া।

এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল এবং শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।