Favicon

কৌশলগত সফরে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
কৌশলগত সফরে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক
Photo: Courtesy
বাংলাদেশে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদল

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে ৩০ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছেছে।

প্রতিনিধিদলটিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন।

বাংলাদেশে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা গ্রহণ করবে। এ সময় তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের কৌশলগত, নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিনিধিদলের সদস্যদের ধারণা লাভের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের মধ্যে পেশাগত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর’ আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ভারতীয় ন্যাশনাল ডিফেন্স কলেজের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত পর্যায়ে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।