বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে আলোচনা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও বিনিময় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শাস্ত্রীয় সংগীত, লোকশিল্প, ঐতিহ্য সংরক্ষণ এবং যৌথ সাংস্কৃতিক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ৬ সেপ্টেম্বর বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। একই সঙ্গে পারস্পরিক সাংস্কৃতিক সম্পৃক্ততা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় শাস্ত্রীয় সংগীত, লোকশিল্প ও ঐতিহ্য সংরক্ষণে সম্ভাব্য সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের সংশ্লিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।
বিশেষ গুরুত্ব পায় নজরুল বর্ষ উদযাপনকে কেন্দ্র করে যৌথ সাংস্কৃতিক কর্মসূচি ও সম্মেলন আয়োজনের সম্ভাবনা। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সর্বশেষ বৈঠকেও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক সহযোগিতাকে কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরা হয়।